নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি নিয়মিতই স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শনিবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন।
ভিডিও কলে পুরো ঘটনা দেখে স্বামী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷