https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ভাতার লোভ নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করার প্রতিশ্রুতি: জামায়াত আমির - Gaibandha Online Portal

Breaking News

ভাতার লোভ নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করার প্রতিশ্রুতি: জামায়াত আমির

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের জন্য কাউকে ভাতার লোভ দেখানো হবে না; বরং কাজের সুযোগ সৃষ্টি করে দেশকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হবে। জামায়াত ক্ষমতায় গেলে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

ভাতা নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করা হবে: জামায়াত আমির

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। যারা সত্যিকার অর্থে দেশ ও দেশের মানুষকে ভালোবাসে, তারা কখনো দেশত্যাগ করে না। জামায়াতের নেতাকর্মীরা জনগণের ভালোবাসায় আবদ্ধ হয়ে আজীবন তাদের পাশে থাকতে চায়।

কৃষি খাত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কৃষিকে আর পুরোনো পদ্ধতিতে পরিচালনা করা হবে না। আধুনিকায়ন ও আধুনিক লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে কৃষিপণ্য ন্যায্যমূল্যে কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। এর ফলে কৃষি উৎপাদন আরও বাড়বে।

তিনি অভিযোগ করে বলেন, কৃষকরা উৎপাদনের পর বাজারে ন্যায্যমূল্য পান না এবং সংরক্ষণের অভাবে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এসব সমস্যা সমাধান করে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

২৪-এর গণঅভ্যুত্থানকে মর্যাদা দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিজয়ী না হলে রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। স্বৈরাচার হটাতে আবু সাঈদের মতো তরুণরা বুক পেতে দিয়েছিল।

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷