https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 জানা গেল সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণ - Gaibandha Online Portal

Breaking News

জানা গেল সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণ

 বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে চলমান নানা আলোচনা ও প্রশ্নের অবসান ঘটিয়েছেন জেলা প্রশাসন। যথাযথ আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণেই তাকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।


জেলা প্রশাসক জানান, গত শুক্রবার সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তির একটি আবেদন তার সরকারি বাংলোতে পৌঁছায়। বিষয়টি অবগত হওয়ার পর তিনি দ্রুত কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

তবে কারা কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের কারা আইন অনুযায়ী কোনো আসামি যদি সংশ্লিষ্ট জেলার বাইরে অন্য জেলার কারাগারে বন্দি থাকেন, তাহলে সেই জেলার প্রশাসনের পক্ষে তাকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়মবহির্ভূত।

বর্তমানে সাদ্দাম হোসেন যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার ছিল না। আবেদনকারীদের বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হলে তারা সন্তোষ প্রকাশ করে চলে যান এবং পরে আর কোনো যোগাযোগ করেননি বলে জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি তারা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। জেলা প্রশাসক তাদের বাগেরহাট জেলা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। সেখানে জানানো হয়, অন্য জেলার কারাগারে বন্দি আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই এবং আইন অনুযায়ী যে কারাগারে আসামি বন্দি আছেন, সেখানেই আবেদন করতে হবে।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে কারা কর্তৃপক্ষ মাত্র তিন মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেয়।

উল্লেখ্য, গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাদ্দাম হোসেনের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) তার নয় মাসের শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ওই দিন বাড়ি থেকে কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ এবং ঘরের মেঝে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। একই দিন রাত সাড়ে ১০টায় জানাজা শেষে রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত কানিজ সুবর্ণার স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে গত দুদিন ধরে এলাকায় ও অনলাইনে ব্যাপক আলোচনা চলছিল। জেলা প্রশাসনের এই ব্যাখ্যার মাধ্যমে বিষয়টির প্রকৃত আইনগত কারণ স্পষ্ট হলো।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷