https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 রংপুর সদর আসনে ‘হরিণ’ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী - Gaibandha Online Portal

Breaking News

রংপুর সদর আসনে ‘হরিণ’ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক পেয়েছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান–এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রতীক গ্রহণ করেন।

রংপুর সদর আসনে ‘হরিণ’ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

আনোয়ারা ইসলাম রানী এবার রংপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত রংপুর-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির শামসুজ্জামান সামু, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল এবং বাসদের আব্দুল কুদ্দুস

এর আগেও আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট অর্জন করেন।

প্রতীক বরাদ্দের পর অনুভূতি প্রকাশ করে আনোয়ারা ইসলাম রানী বলেন,
“হরিণ প্রতীক পেয়ে আমি খুবই আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী আমাকে সমর্থন দিচ্ছেন। আমি তাদেরই প্রতিনিধি। স্বাধীনতার ৫৪ বছরেও এসব মানুষ নানা ভাবে বঞ্চিত। হরিণ নিরীহ মানুষের প্রতীক। সংসদে গিয়ে আমি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার কথা তুলে ধরতে চাই।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে। আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, রংপুর সদর আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণার প্রস্তুতি আরও জোরালো হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷