https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পিরোজপুরে ভোটের মাঠে ভাইয়ের মুখোমুখি ভাই - Gaibandha Online Portal

Breaking News

পিরোজপুরে ভোটের মাঠে ভাইয়ের মুখোমুখি ভাই

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী রাজনৈতিক লড়াই। একই পরিবারের দুই সহোদর ভাই এবার একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

পিরোজপুরে ভোটের মাঠে ভাইয়ের মুখোমুখি ভাই

এই আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মাহমুদ হোসেন। অপরদিকে, তার আপন ছোট ভাই মো. মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতির দায়িত্বেও রয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন। আর জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন নির্বাচন করছেন সাইকেল প্রতীক নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ভাণ্ডারিয়ার মিয়া পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জু নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং তার ছোট ভাই মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

দুই সহোদর ভাইয়ের এমন সরাসরি প্রতিযোগিতা ঘিরে পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে। ভোটারদের মধ্যেও বিষয়টি আলাদা আগ্রহের জন্ম দিয়েছে, যা আসন্ন নির্বাচনে পিরোজপুর-২ আসনকে বিশেষভাবে নজরকাড়া করে তুলেছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷