আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগদান
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।
অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি কেন্দ্রীয় রাজনীতি থেকে দূরে সরে যান। এর আগে তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি পাবনা-১ (সাঁথিয়া–বেড়া) আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর কাছে পরাজিত হন।
রাজনীতিতে অধ্যাপক আবু সাইয়িদের পথচলা শুরু ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে পাবনা জেলার গভর্নর হিসেবে নিয়োগ দেন।
সামরিক শাসনের একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত অধ্যাপক আবু সাইয়িদ ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল—‘ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: এ ডিপ্লোমেটিক ওয়ার’।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷