https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ‘আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল’— নির্বাচন নিয়ে ড. ইউনূস - Gaibandha Online Portal

Breaking News

‘আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল’— নির্বাচন নিয়ে ড. ইউনূস

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটকে সামনে রেখে সরকারের জন্য ‘ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই পরীক্ষার চূড়ান্ত ধাপ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। 

‘আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল’— নির্বাচন নিয়ে ড. ইউনূস

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন ড. ইউনূস। সভাটি আয়োজন করা হয় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনার জন্য।

প্রধান উপদেষ্টা বলেন,
“আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল। এখন সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

নির্বাচন চলাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষার কমান্ডিং ভূমিকা পালন করবে জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির ভিত্তিতে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন,
“এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য একটি আদর্শ উদাহরণ তৈরি করবে।”


নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল, আসছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক

সভায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ জনের একটি পর্যবেক্ষক দল পাঠাবে।


লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অগ্রগতি

বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ২ হাজার ২৫৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২ দশমিক ৪ শতাংশ

তিনি আরও বলেন, ওই সময়ে ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল, যার মধ্যে ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার করা সম্ভব হয়েছে— যা মোট লুট হওয়া গোলাবারুদের ৫২ শতাংশ


ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে সশস্ত্র বাহিনী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে বিবেচনা করা হবে। ফলে প্রয়োজন হলে তারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবেন।

সূত্র: বিবিসি বাংলা

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷