https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সমবেত নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ, আহত ১০ - Gaibandha Online Portal

Breaking News

দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সমবেত নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ, আহত ১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান করা নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ লাঠিচার্জের ঘটনা ঘটে।
কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু এ অভিযোগ করেন।
এরআগে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে ও ত্রাণ দিতে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

খালেদা জিয়ার গাড়িবহরের সাথে বিএনপির বিপুল নেতাকর্মী রয়েছেন। প্রশাসনের পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
খালেদা জিয়ার রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের সফর সফল ও সুষ্ঠু করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। কেন্দ্রীয় তিন শতাধিক নেতাও তার সাথে দুপুরের খাবার খাবেন। তাই খালেদা জিয়ার আপ্যায়নে খাবার মেন্যুতে ৩০ পদের খাবার থাকছে বলে জানিয়েছে ফেনী জেলা বিএনপি।
আপ্যায়নের দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, ম্যাডামের খাবারের তালিকায় কই, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরাল। সঙ্গে পরশুরামের খণ্ডলের মিষ্টি, সোনাগাজীর চরাঞ্চলের দধি, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি।
অপর দিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নানা বাধা বিপত্তি অতিক্রম করে মহিপালসহ মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মীরা।

ফেনীতে যাত্রাবিরতি ও চট্টগ্রামে রাত্রিযাপন করে পরদিন কক্সবাজার যাবেন। আগামী ৩০ অক্টোবর কক্সবাজারের বালুখালি-১ ও ২, ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। চট্টগ্রামে এসে রাত্রিযাপন করে ৩১ অক্টোবর ঢাকার উদ্দেশে রওনা হবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
বিএনপি নেত্রীর তার গাড়ি বহরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা রয়েছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরকে নিরাপত্তা দিচ্ছে তার নিজস্ব নিরপত্তা দল ও পুলিশ প্রশাসন।
এছাড়া পুরো সফরে নিরাপত্তা বলয় গড়ে তুলে খালেদা জিয়ার বহরের সাথে থাকবেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সার্বিক নিরাপত্তা দেবে।
অনেক দিন পর সরকার বিরোধী জোটের প্রধান রাজধানীর বাইরে কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছেন। চার দিনের এ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

অপর দিকে বিএনপি চেয়ারপারসনের এ সফর নির্বিঘ্ন করতে কাজ করছে একটি অগ্রবর্তী দল। এতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও মো. শাজাহান ফেনী গেছেন। তারা সফরপথের জেলার নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷