গাইবান্ধায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে ছোট বাচ্চার প্রস্রাব করাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে সাদেকুল ইসলাম নামে একব্যক্তিকে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত।
রোববার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ৬ মার্চ বাড়ির সামনে রেখে দেওয়া শুকনো পাতায় ছোট বাচ্চা প্রস্রাব করাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে দক্ষিণ শ্রীপুর গ্রামের খাজা মিয়ার ছেলে সাদেকুল ইসলামকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ বাচ্চু মিয়া, ছাইদার রহমান ও নাজমা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাদেকুল মারা যায়। এ ঘটনায় সাদেকুলের বাবা খাজা মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে একই এলাকার আলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ছাইদার রহমান ও বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷