বাবা–মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও শিক্ষাবিদ শামিকুল ইসলাম সরকার লিপন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা–মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জানাজা শেষে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামের নিজ বাড়ি (সরকারবাড়ি) প্রাঙ্গণে বাদ এশা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় হাজারো মানুষের উপস্থিতি
জানাজায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় এলাকাবাসীসহ হাজারো মানুষ অংশ নেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জেল হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যু
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে হাজতি হিসেবে বন্দি ছিলেন। রোববার রাত আনুমানিক ১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিকেলে তার মরদেহ পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
রাজনৈতিক ও পেশাগত জীবন
শামিকুল ইসলাম সরকার লিপন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি। এছাড়া তিনি পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷