গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি জানান, আগে এমপিওভুক্ত কলেজের শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মাজেদুর রহমানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চিঠিতে জানানো হয়, শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও জনপ্রতিনিধি হতে কোনো আইনগত বাধা নেই। ফলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকারী ৪৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়ন বাতিল এবং ২৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷