বীরপ্রতীক তারামন বিবির চিরবিদায়
বীরপ্রতীক তারামন বিবির চিরবিদায়
বিজয়ের মাসের প্রথম দিনেই চলে গেলেন বীর প্রতীক তারামন বিবি। শুক্রবার (৩০ নভেম্বর) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। শনিবার (১ ডিসেম্বর) বাদ জোহর জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় চির নিদ্রায় শায়িত হবেন এই বীর কন্যা।
তারামন বিবি ১৯৫৭ সালে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তার আসল নাম তারামন বেগম। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না,তাদের অস্ত্র লুকিয়ে রাখা এমনকি প্রতিবন্ধী সেজে পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করতেন। তিনি অস্ত্র হাতে ১১ নম্বর সেক্টরের অধীন রৌমারী রণাঙ্গনের কোদালকাটির সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর ৩৯৪। গেজেটে নাম মোছাম্মৎ তারামন বেগম। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন সরকার আনুষ্ঠানিকভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তার হাতে তুলে দেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷