নবাব স্যার সলিমুল্লাহর দৌহিত্র নবাব হাসান আলী আসকারী গাইবান্ধা প্রেসক্লাবে
নবাব স্যার সলিমুল্লাহর দৌহিত্র নবাব হাসান আলী আসকারী আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলায় যাওয়ার পথে গাইবান্ধা প্রেসক্লাবে আসেন এবং সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রেসক্লাবে এলে তার হাতে ৩ বছরের স্মরণিকা তুলে দেয়া হয়।
এসময় তিনি জানান, নবাব স্যার সলিমুল্লাহর পরিবারবর্গ এখন আমেরিকার নিউইয়র্কে বসবাস করছেন। তিনি তাঁর পিতা আমান উল্লাহ আসকারীর নির্দেশে প্রায় দু’বছর আগে বাংলাদেশে আসেন। এদেশের মানুষের উন্নয়নে নানা কার্যক্রম শুরু করেন। ইতোমধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ১শ’ ২০ কোটি টাকা দিয়ে নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার দাদা নবাব স্যার সলিমুল্লাহ ৯শ’ একর জমি দান করেছেন।
এছাড়াও তিনি স্যার সলিমুল্লাহ এতিম খানা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামসহ তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। তিনি জানান, তার নানী নাসিমা খানম পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের একমাত্র কন্যা। ওই নাসিমা খানমের কন্যা ইসরাত আরা বেগম তার মা। তিনি দেশের রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলাপ করেন এবং সাক্ষাৎকার দেন।
এসময় প্রেসক্লাবের কর্মকর্তা ও অন্যান্য সাংবাদিকদের মধ্যে কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, ইদ্রিসউজ্জামান মোনা, উত্তম সরকার, রজতকান্তি বর্মন, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু ছাড়াও তার সফর সঙ্গী সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷