গোবিন্দগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতনের পর সন্তানের মৃত্যর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবীতে আরিফা বেগম (২০) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। নির্যাতনে ওই গৃহবধূর গর্ভে থাকা ৩মাসের সন্তান মারা গেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের যমুনাপাড়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে আরিফা বেগমের পার্শ্ববর্তী বিশুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মানিকের সাথে প্রায় একবছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকলোভী স্বামী মানিক মোটা অংকের যৌতুক দাবি করে প্রায়ই স্ত্রী আরিফা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে যৌতুকের দাবীতে আরিফা বেগমের স্বামী ও শাশুড়ী সহ পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে মারপিট করে। মাারপিটে আরিফার গর্ভে থাকা ৩মাসের সন্তান মারা যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, উল্লেখিত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷